নরসিংদী সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ আসনে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর উদ্যোগে আয়োজিত ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে পাঁচজন প্রার্থী অংশগ্রহণ করেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে নরসিংদী পৌর শহরের পৌর ঈদগাহ মাঠের মুক্তমঞ্চে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা সুজনের সভাপতি মোজাম্মেল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান। এতে স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী জেলা সুজনের সাধারণ সম্পাদক হলধর দাস। সুজনের কেন্দ্রীয় সহযোগী সমন্বয়কারী তৌফিক জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রার্থীরা জনতার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনস্বার্থে কী কী পদক্ষেপ নেবেন সে বিষয়ে নিজ নিজ পরিকল্পনা তুলে ধরেন তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইব্রাহিম ভূঞা, বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন,ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আশরাফ উদ্দিন ভূঞা, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী হামিদুল হক পারভেজ এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী সাখাওয়াত হোসেন।