যশোর সংবাদদাতা : যশোরের মণিরামপুরে মাছের ঘের থেকে আরিফ হোসেন (১৭) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত মধ্যরাতে উপজেলার বালিধা এলাকার একটি মাছের ঘের থেকে তার রক্তাক্ত দেহটি উদ্ধার হয়।
সোমবার সকালে স্থানীয়রা মাঠে মাছ ধরতে গিয়ে আনোয়ার ফকিরের ঘেরের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পরিবার ও পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে আরিফের লাশ উদ্ধার করে। নিহত আরিফ হোসেন বালিধা গ্রামের গরু ব্যবসায়ী আতিয়ার রহমানের ছেলে।
কী কারণে কারা তাকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে স্থানীয়রা বলছেন, এলাকার উঠতি বয়সী নেশাগ্রস্ত ও অনলাইন জুয়ার সাথে যুক্ত কিশোর ও যুবকদের সাথে আরিফের সখ্য ছিল। সেই ঘটনার দ্বন্দ্বে আরিফ খুন হতে পারে বলে তাদের ধারণা। ঘটনাস্থলে ঘেরের পাড়ে আরিফের রক্তের পাশে একটি দিয়াশলাই ও নগদ কিছু টাকা পাওয়া গেছে।
এদিকে অপর একটি সূত্র বলছে, কয়েকদিন আগে আরিফ দামি একটি মোবাইল ফোন কিনেছিল। দুর্বৃত্তরা মোবাইল ছিনিয়ে নিতে ব্যর্থ হয়ে হত্যাকা-ের ঘটনা ঘটতে পারে।
এই ঘটনায় পুলিশ নিহত কিশোরের তিন বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন থানার উপপরিদর্শক (এসআই) অরুপ কুমার।
নিহত কিশোরের বাবা আতিয়ার রহমান পুলিশকে জানিয়েছেন, রোববার দিবাগত রাত ১০টার দিকে বাড়িতে তার সাথে ছেলের দেখা হয়েছে। এরপর সকালে মাঠে মাছ ধরতে লোকজন এসে ঘেরের পানিতে লাশ দেখতে পেয়ে বাড়িতে খবর দেন।
নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম বলেন, ‘কী কারণে কারা আরিফকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। আমরা ঘটনা তদন্ত করে দেখছি।’