শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা : মাগুরায় হালকা ঝোড়ো হাওয়ায় ঝরে গেল দুই যুবকের প্রাণ! মাগুরার ঢাকা–খুলনা মহাসড়কের কেষ্টপুর এলাকায় গাছের ডাল ভেঙে পড়ে প্রান্ত দত্ত এবং মাহাফুজ নামে দুই মোটরসাইকেল আরোহী মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত প্রান্ত দত্ত শ্রীপুর উপজেলার নাকোল গ্রামের সাহা পাড়ার ভজন দত্তের পুত্র। তার সাথে থাকা মাহাফুজকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। মাহাফুজ উপজেলার ঘাসিয়াড়া গ্রামের খালদিয়ের পাড়ার দিপুলের পুত্র।

১৩ মার্চ শুক্রবার রাত ৯টার দিকে মাগুরা-ঢাকা মহাসড়কের কেষ্টপুর স্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মাগুরা রামনগর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান জানান- প্রান্ত দত্ত এবং মাহাফুজ সন্ধ্যায় গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মাগুরা শহরের দিকে আসছিলেন। পথে কেষ্টপুর স্ট্যান্ড এলাকায় পৌঁছালে ঝোড়ো বাতাসে গাছের একটি মরা ডাল ভেঙে তাদের মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই প্রান্ত দত্তের মৃত্যু হয় এবং তার সাথে থাকা মাহাফুজ গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রান্ত দত্তকে মৃত ঘোষণা করেন। মাহাফুজকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারও মৃত্যু হয়। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হাইওয়ে পুলিশ জানায়, ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।