নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহ-ভৈরব রেলপথের ময়মনসিংহের নান্দাইল উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক ‘নান্দাইল রোড’ রেলওয়ে স্টেশনটি এখন অস্তিত্ব সংকটে ভুগছে। এছাড়া পাশর্^বর্তী মুশুল্লী স্টেশনটি কয়েক বছর ধরে বন্ধ থাকায় তাঁর অস্তিত্ব প্রায় বিলীন হয়ে গেছে। আর নান্দাইল রোড স্টেশনটিতে জনবল সংকট আর অবহেলার কারণে এখন ২৪ ঘণ্টায় মাত্র একটি লোকাল ট্রেন যাত্রা বিরতি দেয়। ফলে জৌলুস হারাচ্ছে এক সময়ের ব্যস্ততম নান্দাইল রোড রেলস্টেশনটি, আর মুশুল্লী স্টেশনতো বন্ধ হয়েগেছে।
সরেজমিনে দেখা যায়, ব্রিটিশ আমলে এ দুটি রেলওয়ে স্টেশন নির্মাণের পর তেমন কোনো উন্নয়নের মুখ দেখেনি স্টেশনগুলো। তবে নান্দাইল রোড রেলস্টেশনে শেডহীন একটি পাকা ফ্লাটফর্ম ও একটি সিগন্যাল বক্স তৈরি করা হয়েছে। তবে যাত্রীদের জন্য বিশ্রামাগার ও পানীয় ব্যবস্থার কোন সুব্যবস্থা নেই। সেই পুরাতন জরাজীর্ণ অবকাঠামো দিয়েই চলছে রেলওয়ে স্টেশনের কার্যক্রম। এক সময় নান্দাইল, তাড়াইল ও কেন্দুয়া উপজেলার হাজার হাজার সাধারণ মানুষ অল্প খরচে ও নিরাপদে গমনের জন্য রেলপথ ব্যবহার করতো। প্রতিদিন দিনে ও রাতে আপ এবং ডাউনে ১০টি ট্রেন চলাচল করত এবং প্রতিটি ট্রেনই নান্দাইল রোড রেলষ্টেশন ও মুশুল্লী স্টেশনে যাত্রা বিরতি দিত। যাত্রীদের পদচারণায় মুখরিত থাকতো স্টেশনগুলো। বর্তমানে শুধু চট্টগ্রাম মেইল ট্রেনটি (৩৭-আপ) রাত ৩/৪ টার দিকে এবং একই ট্রেনটি (৩৮-ডাউন) সকাল সাড়ে ৯টা-১০ টার দিকে নান্দাইল রোড স্টেশনে যাত্রা বিরতি দিচ্ছে। এছাড়া আন্তঃনগর ট্রেন না থামায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়ছেন। ফলে স্টেশনটি বন্ধের পথে এগিয়ে যাচ্ছে।
ট্রেনযাত্রী আব্দুল মোমেন ও এনামুল মিয়া সহ যাত্রীসাধারণগণ বলেন, “ট্রেন হচ্ছে গরীবের গাড়ি, অল্প খরচে যাতায়াত করতে সাধারণ জনগণের একমাত্র ভরসা রেলপথ”। কিন্তু একটা ট্রেনের জন্য সারাদিন বসে থাকতে হয়। ট্রেন বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি জোর দাবী জানাই।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূইয়া জানান, সম্প্রতি বর্তমান সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিগ্রে: অব: শামসুল ইসলাম উনারা দুজনই নান্দাইলের বাসিন্দা। যদি এ স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ সহ আরো কয়েকটি লোকাল ট্রেন চালু করার জন্য তাঁরা পদক্ষেপ নেয় তাহলে সাধারণ জনগণ ট্রেন যাতায়াতের সুবিধা ভোগ করতে পারবে।
রেলস্টেশন মাস্টার ইমাম হোসেন তিনি গছিহাটা স্টেশনের দায়িত্ব পালনের পাশাপাশি নান্দাইল রোড রেলস্টেশনের দায়িত্ব পালন করেছেন। এ বিষয়ে তিনি জানান, যাত্রীদের চাহিদার কথা চিন্তা করে ট্রেন বাড়ানো সহ রেলযোগাযোগ ব্যবস্থাকে আরো আধুনিকায়ন করতে হলে সংশ্লিষ্ট উধ্বর্তন কর্তৃপক্ষ বা স্থানীয় এমপি-মন্ত্রীদের মাধ্যমে বর্তমান সরকারের সুদৃষ্টি কামনা প্রয়োজন।