আগের কোনো স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে সাংবাদিকরা এত স্বাধীনভাবে প্রশ্ন করতে পারেননি—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, বর্তমান সরকার মতপ্রকাশ ও প্রশ্ন করার স্বাধীন পরিবেশ নিশ্চিত করেছে।

গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে নির্বাচন সংক্রান্ত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ব্রিফিংকালে এক সাংবাদিক ফেসবুক ও গুজব নিয়ন্ত্রণ প্রসঙ্গে প্রশ্ন তুললে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ওই সময় আপনারাও নিয়ন্ত্রিত ছিলেন। তখন আপনারা এত কথা বলতে পারতেন না। এখন যে হারে আমাকে প্রশ্ন করছেন, তখন কিন্তু সেইভাবে প্রশ্ন করতে পারেননি। অন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে এতভাবে গিয়ে কি আপনারা প্রশ্ন করতে পেরেছেন? পারেননি। এখন এই সরকার বলছে—আপনারা স্বাধীন, আপনারা প্রশ্ন করতে পারেন।” ফেসবুকে মিথ্যা ও গুজব সংবাদের বিষয়ে তিনি বলেন, “ফেসবুকের ভেতরে যেসব মিথ্যা সংবাদ রয়েছে, সেগুলো বন্ধ করতে আপনারাও ভূমিকা রাখতে পারেন। আমরা চেষ্টা করছি, আপনারাও অনুরোধ করবেন যেন মিথ্যা সংবাদ না ছড়ায়, সত্য সংবাদ পরিবেশন হয়। আমরা চাই সবাই মুক্তভাবে মত প্রকাশ করুক, তবে তা যেন হয় সত্য ও দায়িত্বশীল।” নির্বাচন উপলক্ষে চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সন্তোষজনক উল্লেখ করে তিনি বলেন, “আমি যেটা দেখলাম, তাদের প্রস্তুতি খুব ভালো। এই প্রস্তুতি দেখে বলা যায়—নির্বাচন হবে একটি শ্রেষ্ঠ উৎসবের মতো। কঠোর নিরাপত্তা ও সম্পূর্ণ ফেয়ার পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, কোনো ধরনের অসুবিধা হবে না।”

দেশের বিভিন্ন স্থানে নির্বাচনকালীন সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, “অনেক সময় এই সহিংসতা নিজেদের দলের ভেতরেই হচ্ছে, আবার দলগুলোর মধ্যেও হচ্ছে। আপনারা (সাংবাদিকরা) জনসচেতনতা বাড়াতে ভূমিকা রাখবেন, যেন নির্বাচনকালীন পরিস্থিতি শান্ত থাকে। এজন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করছি।”

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।