চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে মোঃ নূরুল ইসলাম বুলবুল সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর দায়িত্ব পালনের পরে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল পরিদর্শন করেন। গত বৃহস্পতিবার তিনি হাসপাতাল পরিদর্শনকালে তিনি বিভিন্ন ওয়ার্ড, রন্ধনশালা, রোগীদের জন্য প্রস্তুতকৃত খাবারের মান এবং টয়লেটসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সেবা খাত ঘুরে দেখেন এবং সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনকালে মোঃ নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়েছি জনগণের সেবা করার জন্য। হাসপাতাল এমন একটি জায়গা, যেখানে মানুষ সবচেয়ে অসহায় অবস্থায় আসে। এখানে কোনো ধরনের অব্যবস্থাপনা বা অবহেলা গ্রহণযোগ্য নয়। রোগীদের জন্য মানসম্মত খাবার, পরিচ্ছন্ন পরিবেশ এবং মানবিক সেবা নিশ্চিত করতে হবে। রোগীদের প্রতি হয়রানি বন্ধ করতে হবে। হাসপাতালে জনবল অপ্রতুল এবং অনেক রোগী যথাযথ চিকিৎসাসেবা পাচ্ছেন না। জনগনের স্বাস্থ্যের কথা বিবেচনা করে এই হাসপাতালের শয্যা বাড়াতে পারা গেলে এ সমস্যা অনেকাংশে দূর হবে। পাশাপাশি আইসিইউ, সিইইউ ও ডায়ালাইসিসের দ্রুত ব্যবস্থা গ্রহনের কথা বলেন।

এ সময় উপস্থিত রোগীরা বিভিন্ন সমস্যা, দালালচক্রের উৎপাত, ঔষধ ঠিকমত না পাওয়া, আধুনিক যন্ত্রপাতির অভাবে চিকিৎসা ব্যাহতসহ বিভিন্ন সমস্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতির অভিযোগ তুলে ধরেন। তিনি দ্রুত অত্যাধুনিক যন্ত্রপাতি, সকল রোগের চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ প্রদানে কার্যকর উদ্যোগ নেওয়ার কথা বলেন। তিনি আরও বলেন, যেকোন মূল্যে জনগনের পাশে থেকে হাসপাতালের অনিয়ম দূর করা আমার নির্বাচনী ইশতেহারের অংশ। জনগণকে সঙ্গে নিয়ে তা বন্ধ করতে আমি বদ্ধপরিকর। এছাড়া ১০০ রোগীর খাবার ব্যবস্থা সত্যি দুঃখের বিষয়। এই পরিস্থিতি চলতে দেয়া হবে না, অতি দ্রুত ব্যবস্থা নিতে হবে। এসময় উপস্থিত ছিলেন, সাবেক এমপি মোহাঃ লতিফুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান, হাফেজ গোলাম রাব্বানী, হাফেজ আব্দুল আলিম, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মুহাম্মদ মশিউর রহমান, আরএমও ডাঃ আব্দুস সামাদ।