শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা : এবারের ইদের ছুটিতে কর্মস্থল ত্যাগ করবেননা পূর্ব সুন্দরবনের বনরক্ষী ও বন কর্মকর্তাগণ। হরিণসহ বণ্যপ্রাণী শিকার ও বিষ দিয়ে মাছ ধরা বন্ধে এবং আগুন প্রতিরোধে তারা এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে জানা গেছে। সুন্দরবনে জারী রয়েছে রেড এলার্ট।

বন বিভাগ সূত্রে জানা যায়, প্রতি বছর ইদের সময় চোরাশিকারী চক্র সুন্দরবনে হরিণসহ বণ্যপ্রাণী শিকারের অপচেষ্টা চালায়। এক শ্রেণীর অসাধু জেলে বিষ দিয়ে মাছ ধরে। তা ছাড়া মার্চ মাস থেকে মে মাস সময় পর্যন্ত সুন্দরবনের বিভিন্ন স্থানে আগুন লাগার ঘটনা ঘটে। গত বছর ২২ মার্চ সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তেইশেরছিলা ও কলমতেজী এলাকার বনে আগুন লেগে সুন্দরবনের ব্যপক এলাকার গাছপালা পুড়ে যায়। এ সকল বিষয় বিবেচনায় নিয়ে বনরক্ষী ও বন কর্মকর্তাগণ নিজেরা স্বউদ্যেগে এবারেও ইদের ছুটি কেউ ভোগ করবেননা বলে সিদ্ধান্ত নিয়েছেন। এ সিদ্ধান্ত বাস্তবায়নে ইতোমধ্যে বনরক্ষীরা সুন্দরবন সংলগ্ন লোকালয়ে ব্যপক ভাবে আগুন প্রতিরোধে প্রচার প্রচারণা শুরু করেছেন। এ ছাড়া সুন্দরবনে টহল কার্যক্রম জোরদার করেছেন বনরক্ষীরা।

সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী বলেন, সুন্দরবনে বণ্যপ্রাণী শিকার ও বিষ দিয়ে মাছ ধরা বন্ধে এবং আগুন প্রতিরোধে সার্বক্ষনিক দায়িত্ব পালনের নিমিত্তে বনরক্ষীরা এবারেও ইদের ছুটি ভোগ করবেননা বলে সিদ্ধান্ত নিয়েছেন। গত বছর ইদের সময়ও বনরক্ষীরা কেউ ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেননি। সুন্দরবনে অপরাধীদের ধরার জন্য বনরক্ষীদের টহল কার্যক্রম জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে সুন্দরবন পূর্ব বিভাগে উচ্চ সতর্কতা জারী রয়েছে বলে ডিএফও জানিয়েছেন।