পাইকগাছা সংবাদদাতা : ‎খুলনার পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধিগ্রহণকৃত জমি দখল করে অবৈধভাবে হ্যাচারি নির্মাণের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় জনপদ। এই নির্মাণকাজ বন্ধের দাবিতে আজ রবিবার সকালে উপজেলা চত্বরে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় ভূমিহীন সংগঠন ও এলাকাবাসী।

‎রবিবার (২ মার্চ) বেলা ১১টার দিকে আয়োজিত এই মানববন্ধনে নারী-পুরুষ নির্বিশেষে কয়েকশ’ মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অবৈধ দখলদারদের বিরুদ্ধে স্লোগান দেন। তাদের অভিযোগ, উপজেলার ২২ নম্বর পোল্ডারের আওতাভুক্ত পানি উন্নয়ন বোর্ডের বিপুল পরিমাণ জমি অবৈধভাবে দখল করে একটি প্রভাবশালী মহল হ্যাচারি নির্মাণের পাঁয়তারা করছে।

‎মানববন্ধনে বক্তব্য রাখেন ২২ নং ভূমিহীন সমিতির নেতৃবৃন্দ। তারা স্পষ্ট জানিয়ে দেন যে, সরকারি জমিতে ব্যক্তিগত ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলা আইনত দ-নীয়। ‎শেখ শহিদুল ইসলাম (সভাপতি, ২২ নং ভূমিহীন সমিতি): “সরকারি জমি কোনো ব্যক্তির সম্পদ হতে পারে না। এই অবৈধ হ্যাচারি নির্মিত হলে এলাকার পরিবেশ ও সাধারণ মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়বে।”

‎বক্তব্য রাখেন: সমিতির সহ-সভাপতি রাহেলা বেগম, সাধারণ সম্পাদক সুবোধ সরদার, ইব্রাহিম গাজী এবং রেতা রানী। ‎বক্তারা অভিযোগ করেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বা যোগসাজশে এই দখলের চেষ্টা চলছে। তারা অবিলম্বে এই নির্মাণকাজ বন্ধ করে জমিটি সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে ফিরিয়ে আনার জোর দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা অনুলিপি প্রদান করেন

‎মানববন্ধন শেষে আন্দোলনকারীরা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত সাপেক্ষে দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি বাস্তবায়ন না হয় এবং নির্মাণকাজ বন্ধ না করা হয়, তবে আগামীতে উপজেলার সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।