স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। বুধবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পরপরই তিনি জেলা পরিষদের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং জনসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
দায়িত্ব গ্রহণের পর তার বক্তব্যে উঠে আসে একটি দৃঢ় ও ইতিবাচক অঙ্গীকারের প্রতিচ্ছবি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণে যে উন্নয়নধর্মী কর্মসূচি গ্রহণ করেছেন, তা সততা, নিষ্ঠা ও দায়বদ্ধতার সঙ্গে বাস্তবায়ন করা হবে। গাজীপুর জেলা পরিষদকে একটি আধুনিক, দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তর করতে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন বলেও আশ্বাস দেন।
তিনি আরও বলেন, উন্নয়ন কার্যক্রমকে বাস্তবমুখী ও টেকসই করতে হলে সকলের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য। সে লক্ষ্যেই জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ জনগণের মধ্যে সমন্বয় জোরদার করা হবে। একইসঙ্গে স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়িয়ে জনকল্যাণমুখী কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি। তার ভাষায়, 'জনগণের প্রত্যাশাই হবে আমাদের কাজের মূল নির্দেশনা, আর সেই প্রত্যাশা পূরণেই আমরা এগিয়ে যাব।'
চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে সংশ্লিষ্ট সকলের প্রতি নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করার আহ্বান জানান প্রশাসক। তিনি মনে করেন, সুশাসন ও উন্নয়নের সমন্বয় ঘটাতে পারলেই গাজীপুর জেলা পরিষদ একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত হবে।
এদিকে দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত প্রশাসককে শুভেচ্ছা জানান গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। এসময় সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিসসহ জেলা ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।