রংপুর অফিস, বদরগঞ্জ সংবাদদাতাঃ জনগণের প্রত্যাশিত মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত এবং নিষ্ঠার সথে চিকিৎসকদের দায়িত্ব পালন করার আহবান জানিয়েছেন রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম কেন্দ্রীয় নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম।

তিনি গতকাল সোমবার সকালে ২৫০ শয্যা বিশিষ্ট বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন কালে কর্তব্যরত চিকিৎসক এবং কর্মচারীদের উদ্যেশে একথা বলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসময় আয়োজিত এক সংবর্ধনা ও মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আশেকুল আরেফিন এতে সভাপতিত্ব করেন।

এটিএম আজহারুল ইসলাম এমপি বলেন, এই অঞ্চলের অসুস্থ্য মানুষের কল্যাণে সরকার স্বাস্থ্য সেবার জন্য যে বরাদ্দ দেন তা যথাযথ ভাবে ব্যবহার করা হলে সাধারণ মানুষের কোন ভোগান্তি থাকবেনা। বরং উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সম্ভব। তিনি বলেন আমরা জনপ্রতিনিধি এবং সরকারী কর্মকর্তা কর্মচারী সকলেই জনসেবার ব্রত নিয়ে জনর্স্বাথ্র্ইে এই দায়িত্বে রয়েছি। নিজ নিজ অবস্থানে দায়িত্বশীল ভূমিকা যথাযথ ভাবে পালন করলে মহান আল্লাহ রাব্বুল আল আমীন আমাদের সকলের কল্যাণ দান করবেন। এটিএম আজহারুল ইসলাম এমপি এসময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে চিকিৎসাধীন ও স্বাস্থ্য সেবা নিতে আসা রোগীদের খোঁজ-খবর নেন এবং তাঁদের সাথে কুশল বিনিময় করেন। একই সাথে হাসপাতাল চত্বরে সার্বক্ষনিক পরিস্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারেও তিনি সকলের প্রতি তাগিদ প্রদান করেন। তিনি জনগণের প্রত্যাশা পুরনে সকলকে সর্বচ্চ আন্তরিকতা এবং নিষ্ঠার সথে দায়িত্ব পালন করার পরার্মশ দেন।

এ সময় জামায়াতে ইসলামীর রংপুর জেলা কর্মপরিষদ ও শূরা সদস্য শাহ্ মোহাম্মদ আব্দুল হান্নান খান, উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান কবির, উপজেলা নায়েবে আমীর শাহ্ মুহাম্মদ রুস্তম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলাম, পৌর আমীর মাওলানা মাহফুজুর রহমান, যুব বিভাগের সভাপতি উপাধ্যক্ষ মাসউদুর হাসান রানা সহ স্থানীয় নেতৃবৃন্দ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

এমপি এটিএম আজহারুল ইসলাম এর আগে সকালে বদরগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গনে শহরের এক পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন করেন।

এটিএম আজহারুল ইসলাম এমপি বিকেলে বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের পীরপল কলেজ মাঠে স্থানীয় ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন।