কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- এর উদ্যোগে নির্বাচনী-পরবর্তী দলীয় কার্যক্রম মূল্যায়ন, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং দলীয় শৃঙ্খলা জোরদারের লক্ষ্যে এক বর্ধিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম। সঞ্চালনা করেন সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু। সভায় বক্তারা সাম্প্রতিক নির্বাচনী কার্যক্রমের বিভিন্ন দিক পর্যালোচনা করে ভবিষ্যৎ করণীয় নির্ধারণে মতামত প্রদান করেন।বক্তারা বলেন, দলীয় প্রতীক ‘ধানের শীষ’-এর আদর্শ ও নীতির প্রশ্নে কোনো আপস করা হবে না।
যারা নির্বাচনে বা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রতীকের বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং ইতোমধ্যে বহিষ্কৃত হয়েছেন, তাদের জন্য দলে কোনো স্থান নেই—এ বিষয়ে কেন্দ্রীয় নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।তারা আরও বলেন, আগামী দিনে গণমানুষের আস্থা অর্জন করতে হলে সাংগঠনিক শৃঙ্খলা, নিয়মিত কর্মসূচি বাস্তবায়ন এবং জনসম্পৃক্ত কার্যক্রম বাড়াতে হবে। ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক কমিটি পুনর্গঠন, সক্রিয় নেতাকর্মীদের মূল্যায়ন এবং নিষ্ক্রিয়দের চিহ্নিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা দলের দুঃসময়ে ত্যাগী নেতাকর্মীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।