গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন দক্ষিণ আরিচপুর এলাকায় বিশেষ যৌথ অভিযান চালিয়ে অস্ত্রসহ ৬ জন দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
শুক্রবার (২৩ মে) রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের নেতৃত্বে টঙ্গী পশ্চিম থানার পুলিশ দক্ষিণ আরিচপুর হোন্ডা রোডের মাথা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে টঙ্গী ও আশপাশের এলাকায় ছিনতাই, ভয়ভীতি প্রদর্শন এবং সড়কে পথচারীদের জিম্মি করে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
অভিযানকালে আসামীদের কাছ থেকে ১টি রামদা, ১টি ছুরি, ১টি কুড়াল, ১টি চাপাতি, ১টি সুইচ গিয়ার এবং ১টি চাকু উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব অস্ত্র ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৩৬ (০৫) ২৬, ধারা-১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, অপরাধ (দক্ষিণ) বিভাগ জানান, মহানগর এলাকায় ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে জিএমপি।