গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের গোপালপুর পৌরশহরে নন্দনপুর ভুয়ারচক এলাকায় একটি মাদ্রাসায় অগ্নিদগ্ধে এক নারীর মৃত্যু হয়েছে।

জানা যায়, বুধবার (২৫ ফেব্রুয়ারি) সেহেরী পাকাবার সময় এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম শিউলী বেগম (৪৫)। তিনি গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের মাইজবাড়ী গ্রামের মোঃ মিন্টু মিয়ার স্ত্রী। বর্তমানে তিনি নন্দনপুর ভুয়ারচক এলাকায় তার পিতার বাড়িতে অবস্থান করছিলেন। তিনি দীর্ঘদিন ধরে নন্দনপুর ভুয়ারচক এলাকার মদিনাতুল উলুম নিজামিয়া মাদ্রাসা ও এতিমখানায় রান্নার দায়িত্ব পালন করতেন। প্রতিদিনের ন্যায় বুধবার শেষ রাতে সেহেরী পাকাবার সময় মাদ্রাসার রান্নাঘরে স্ট্রোক করে গরম তেলের কড়াইয়ের উপর পরে অগ্নিদগ্ধ হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বর পেয়ে গোপালপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় অন্য কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।