পঞ্চগড়ের বোদা উপজেলার নগরকুমারী হাট-বাজারে গরু-ছাগলের টোল রেট বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নগরকুমারী গরুর হাটে স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা এ কর্মসূচি পালন করেন।
জানা গেছে, গত ১২ জানুয়ারি বোদা পৌর প্রশাসক স্বাক্ষরিত একটি নির্দেশিকা অনুযায়ী বর্তমানে হাটে নির্ধারিত হারে টোল আদায় করা হচ্ছে। কিন্তু সম্প্রতি বোদা পৌরসভা হঠাৎ করেই টোল রেট বৃদ্ধির আবেদন জানিয়ে জেলা প্রশাসক বরাবর একটি প্রস্তাব পাঠায়। যদিও এখনো নতুন করে টোল রেট বৃদ্ধি কার্যকর করা হয়নি, শুধু প্রস্তাবনা পর্যায়েই রয়েছে বিষয়টি। তা সত্ত্বেও ভবিষ্যতে টোল রেট বাড়ানো হতে পারে— এমন আশঙ্কা থেকে ব্যবসায়ীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মানববন্ধনে বক্তারা এ প্রস্তাবের তীব্র নিন্দা জানান এবং বর্তমান টোল রেট বহাল রাখার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী আজিজুল ইসলাম, আব্দুর রহমান ও মমিনুল ইসলামসহ আরও অনেকে। তারা বলেন, "এখনো টোল রেট বাড়েনি, কিন্তু বাড়ানোর প্রস্তাব দেওয়াই উদ্বেগের বিষয়। বর্তমান টোল রেটেই আমরা ব্যবসা পরিচালনা করে আসছি। হুট করে রেট বাড়ানোর যে প্রস্তাব দেওয়া হয়েছে, তা একেবারেই অযৌক্তিক।"
বক্তারা আরও সতর্ক করে বলেন, "যদি কোনো অবস্থায় টোল রেট বৃদ্ধি করা হয়, তাহলে আমরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব। প্রশাসনকে আগেই বলছি, ব্যবসাবান্ধব পরিবেশ নষ্ট করবেন না।" উল্লেখ্য, নগরকুমারী হাট পঞ্চগড়ের ঐতিহ্যবাহী ও বৃহত্তম গরুর হাটগুলোর একটি। এখানে প্রতিদিন দূর-দূরান্ত থেকে ব্যবসায়ী ও ক্রেতারা আসেন। টোল রেট বৃদ্ধির গুঞ্জনে ইতোমধ্যেই ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়েছে। এবিষয়ে জানতে বোদা পৌর প্রশাসক রবিউল ইসলাম এবং পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) কাজী সায়েমুজ্জামানকে মুঠোফোনে কল করা হলে তারা রিসিভ করেননি।