কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা : অবশেষে র‌্যাব-৬ এর সাঁড়াশি অভিযানে গ্রেফতার হলো সাতক্ষীরা জেলার তালিকাভুক্ত শীর্ষ ডাকাত ও বহু মামলার দুর্র্ধষ আসামি রেজাউল গাজী (৪৫)। দীর্ঘদিন ধরে ডাকাতি, চুরি, মাদক ও সন্ত্রাসী কর্মকা-ের মাধ্যমে এলাকায় আতঙ্কের রাজত্ব কায়েম করা এই শীর্ষ অপরাধীকে দেবহাটা উপজেলার সখীপুর এলাকা থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, নগদ অর্থ, বিদেশি মুদ্রা ও অন্যান্য আলামত উদ্ধার করেছে র‍্যাব।

গত শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা কোম্পানির কোম্পানি কমান্ডার এএসপি জয়েনউদ্দিন জিয়াদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ আভিযানিক দল দেবহাটা থানার সখীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রেজাউল গাজী কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত বরকত উল্লাহ গাজীর ছেলে।

র‌্যাবের প্রাথমিক তথ্য বিশ্লেষণে উঠে এসেছে ভয়ংকর চাঞ্চল্যকর তথ্য। রেজাউল গাজীর বিরুদ্ধে সাতক্ষীরাসহ খুলনা ও যশোর জেলার বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, মাদক ব্যবসা ও হত্যা চেষ্টাসহ মোট ১৯টি মামলা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সে দীর্ঘদিন ধরে তালিকাভুক্ত শীর্ষ ডাকাত হিসেবে চিহ্নিত ছিল এবং তাকে ধরতে চলছিল জোরালো অভিযান।

অভিযানের সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল, স্বর্ণের চুড়ি, কানের দুল ও ব্রেসলেট, সিলভার চুড়ি ও ব্রেসলেট, পাঁচটি মোবাইল ফোন, নগদ ২ লাখ ৫ হাজার টাকা, ১১০ গ্রাম মালদ্বীপের মুদ্রা এবং ২৫০ গ্রাম ভারতীয় মুদ্রা উদ্ধার করা হয়।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।