ফুলবাড়ী, দিনাজপুর সংবাদদাতা : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ০৪নং বেতদিঘী ইউনিয়নে দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে এলাকাবাসীর নিজ উদ্যোগে একটি কাঁচা রাস্তা নির্মাণ করছেন। স্থানীয়দের স্বেচ্ছাশ্রম ও আর্থিক সহযোগিতায় এ রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন হয়। জানা গেছে, রাস্তাটির বেহাল দশার কারণে বর্ষা মৌসুমে চলাচল একেবারেই দুরূহ হয়ে পড়ত দক্ষিণ রঘুনাথপুর গ্রামবাসীর।
বিশেষ করে শিক্ষার্থী, কৃষক ও রোগীবাহী যান চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। ইরি বোর মৌসুমে দক্ষিণ রঘুনাথপুর গ্রামে প্রায় ১২ হাজার লোকজনকে বোর ও আমান ধান মাঠ থেকে দুই কি.মি ঘুরে ধান ঘরে তুলতে হয়। বেতদিঘী ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় ধানের মাঠ। পূর্ব দিকে দক্ষিণ রঘুনাথপুর এলাকায় প্রায় ১ হাজার একর জমিতে ঐ গ্রামের লোকজন ইরি বোর ধান চাষ করেন। এর মধ্যে চৌরাইট ও রহমতপুর দুটি গ্রাম রয়েছে।
বর্ষা মৌসুমে প্রায় দুই কিলোমিটার রাস্তা ঘুরে বোর ও ইরি ধান চাষ করতে হয় কৃষকদেরকে। এ বিষয়ে বেতদিঘী ইউপির ০৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ কামাল হোসেন জানান, দীর্ঘ দুই যুগ ধরে এই গ্রামের মানুষ রাস্তাটি নির্মাণে বহু চেষ্টা করেছেন। বর্তমানে রাস্তাটি নির্মানে নিজ নিজ এলাকার যাদের জমি রয়েছে তারা কিছু জমি ছেড়ে দিয়ে রাস্তা তৈরিতে সহায়তা করছে। তবে ওসারি খাড়ির উপর একটি কালভাট নির্মাণ করলে এই এলাকার মানুষের চলা চল আরও সহজ হবে।