দিনাজপুর অফিস
দিনাজপুরের দুটি উপজেলাতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও কালোবাজারে বিক্রির অপরাধে মজুদদারকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জেলার বীরগঞ্জ ও বিরল উপজেলায় এ ঘটনা ঘটে। বীরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ নেতার বাড়ি হতে এবং বিরল উপজেলায় একজন সাধারণ ব্যবসায়ীকে এ জেল-জরিমানা করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার জ¦ালানী তেল সংকট মোকাবেলায় প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালায়। বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন উপজেলায় শিবরামপুর ইউনিয়নের ধনগাঁও বাজার এলাকার বাসিন্দা জগদীশ কুমার রায়ের ছেলে পরিতোষ কুমার রায়ের বাড়ীতে অভিযান চালিয়ে ৩৮০ লিটার ডিজেল ও ৩৪ লিটার অকটেন উদ্ধার করে জব্দ করেন। সেইসাথে পেট্রোলিয়াম আইন-২০১৬ অনুযায়ী ভ্রাম্যমান আদালত অভিযুক্তকে ৭ দিনের বিনাশ্রম কারাদ- ও ৫ হাজার টাকা অর্থদ- করেন। আটক বীরগঞ্জ উপজেলার আওয়ামী লীগ নেতা পরিতোষ কুমার রায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, এসব তেল উচ্চ মূল্যে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে মজুদ করেছিল। পরিতোষ কুমার রায় নিজে আওয়ামী লীগ নেতা এবং বীরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান পরিমল কুমার রায়ের ছোট ভাই। ঘটনাস্থলে উপস্থিত একজন জানায়, অকটেন ৪০০ টাকা ও ডিজেল ১৫০ টাকা লিটার হিসাবে বিক্রি করছিল। এ সময় বীরগঞ্জ থানার ওসি মোঃ সাইফুল ইসলামসহ পুলিশের একটি টিম অভিযানে অংশ নেয়। পরে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন বলেন, জব্দকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়েছে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হবে। সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে অবৈধভাবে অধিক মুনাফার লোভে তেল বাড়ীতে রেখে অবৈধ মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি ও কালোবাজারির বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
এদিকে বিরল উপজেলার ০৮নং ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর মীরাপাড়া গ্রাম থেকে সাড়ে ৫২ লিটার পেট্রোলজব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এরপর অবৈধভাবে মজুদ বা বিক্রি করার উদ্দেশ্যে পেট্রোলিয়ামজাত পণ্য পরিবহণের দায়ে আইন অনুযায়ী গোপীনাথপুর গ্রামের নুরুজ্জামান মানিকের পুত্র মাহিনুর ইসলাম’কে ০৫ দিনের বিনাশ্রম কারাদ- ও ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে অবৈধভাবে তেল মজুদ বা বিক্রি করার উদ্দেশ্যে একই ইউনিয়নের ধর্মজইন (আওলিয়াপাড়া) গ্রামের আতাউর রহমানের পুত্র জাহাঙ্গীর আলম’কে ৩ হাজার টাকা এবং পার্বতীপুর উপজেলার বাজিতপুর গ্রামের আফতাব ম-লের পুত্র ইয়ানুর সিয়াম’কে ১ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত তেলগুলো সরকার নির্ধারিত মূল্যে উপস্থিত জনসাধারণের নিকট বিক্রয় করা হয়। বিক্রয়লব্ধ ৬ হাজার ৯০ টাকা সরকারি কোষাগারে জমা দেয়ার আদেশ প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিরল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।