সোনারগাঁ সংবাদদাতা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সামনে রেখে সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সোনারগাঁও পৌরসভায় এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভিডিওচিত্র প্রদর্শনী, পোস্টাল ভোট, গণভোটের বিষয়াবলী এবং নির্বাচনী আচরণবিধিমালা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

গত ১৪ জানুয়ারি সোনারগাঁও পৌরসভা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সোনারগাঁও পৌরসভার প্রশাসক আসিফ আল জিনাত। সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মাসুদ আলম, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সোনারগাঁ উপজেলা উত্তর জামায়াতের সেক্রেটারি আসাদুল ইসলাম আসাদ, পৌর বিএনপির সভাপতি শাজাহান মেম্বার, পৌর বিএনপির নেতা হারুন অর রশিদ মিঠু, ও পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ জামান। এছাড়াও সভায় বিভিন্ন মসজিদের ইমাম, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে হলে নির্বাচন সংশ্লিষ্ট সকল আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা জরুরি। একই সঙ্গে ভোটারদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে উৎসাহিত করতে গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়। বক্তারা আরও বলেন, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে এ ধরনের অবহিতকরণ কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।