দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা : দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ইউনিয়নের মদনের চর এলাকার নিখোঁজ হওয়া যুবক মোহাম্মদ আপেল মিয়ার লাশ পাওয়া গেছে বাড়ির পাশের আখ ক্ষেতে। গত ২৫ জানুয়ারি সকালে। নিহত ওই এলাকার ফুতুর আলির ছোট ছেলে।
নিহতের বড় ভাই আফরোজ আলির ভাষ্য, মোহাম্মদ আপেল পেশায় অটো চালক। বৃহস্পতিবার দিবাগত রাতে প্রতিবেশী আবদুল্লাহর ছেলে রিপন অটো রিকশা ভাড়ার জন্য আপেলের কাছে আসে এবং ডেকে নিয়ে যায়। এরপর আপেল আর বাড়িতে ফিরে আসেনি। শুক্রবার রিপনের বিরুদ্ধে থানায় জিডি করা হলে ওইদিন থেকেই রিপন সহ তার পরিবারের লোকজন পলাতক। রোববার সকালে আপলের সন্ধান পাওয়া যায় বাড়ির পাশের আখ ক্ষেতে। লাশটি প্রথম দেখেন নিহতের বোন জামাই নূর আলী। এরপর থানা পুলিশকে খবর দেয়া হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনসুর আহাম্মদ বলেন, দু-দিন আগে নিখোঁজ মোহাম্মদ আপেলের জিডি দায়ের হয়েছে। লাশের খোঁজ পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহতের পরিহিত পোশাক এবং শরীরের অঙ্গপ্রত্যঙ্গ দেখে স্বজনরা নিশ্চিত হয় লাশটি মোহাম্মদ আপেলের। লাশ সুরত হালের জন্য মর্গে পাঠানো হয়েছে। রহস্য উদ্ঘাটনের জন্য তদন্ত চলছে।