শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা: সেতু দখল করে গড়ে উঠেছে বাস ও সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড। সেতুর একপাশ দখল করে রাখায় যানজট লেগেই থাকে সেতুর দুই পাশে। অথচ উপজেলা ও পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। ফলে মানিকগঞ্জের সাটুরিয়ায় এখন যানজটের ভোগান্তি নিত্যদিনের।

সাটুরিয়া উপজেলার একমাত্র নদী গাজীখালী। নদীটির ওপর ২০১৫ সালে নির্মিত হয় ৩০০ মিটার লম্বা দুই লেনের সেতু। এই সেতুর ওপর দিয়ে প্রতিদিন চলাচল করে কয়েক হাজার যানবাহন। উপজেলা সদর এবং মানিকগঞ্জ জেলা সদর ও রাজধানী ঢাকায় সড়কপথে যাতায়াতে এই সেতু একমাত্র মাধ্যম। প্রশাসনের কর্তাদের চোখের সামনেই সেতুটি দখল করে গড়ে উঠেছে অবৈধ স্ট্যান্ড। স্থানীয়রা জানান, এক সময় সেতুর পাশেই সাটুরিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের জমিতে পল্লীসেবা বাসস্ট্যান্ড নামে একটি বাসস্ট্যান্ড চালু ছিল। বছর ছয়েক আগে বিদ্যালয়টি সরকারি হলে বাসস্ট্যান্ডটি উঠিয়ে দেওয়া হয়। সেখানকার গাড়িগুলোই পরে সেতুর ওপর দাঁড়ানো শুরু করে। একইসঙ্গে সেগুলো আগের মতো বিদ্যালয়ের জায়গাও ব্যবহার করছে। প্রভাবশালীদের যোগসাজশে সেতুর ওপর এই অবৈধ বাসস্ট্যান্ড গড়ে উঠেছে বলে জানান স্থানীয়রা।