গাবতলী সংবাদদাতা(বগুড়া)

বগুড়ার গাবতলীতে বাড়ির সামনে ট্রাক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

গাবতলী উপজেলার সোন্দাবাড়ী পূর্বপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে শনিবার রাতে এ ঘটনা ঘটে।নিহতের নাম সাইফুল ইসলাম (৪০)। তিনি ওই এলাকার জামাল উদ্দিন ওরফে জামুর ছেলে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ব্যবসায়িক কোনো দ্বন্দ্বের জেরে এ হত্যাকা- ঘটতে পারে। নিহতের মেয়ে সাদিয়া জানান, প্রতিদিনের মতো শনিবার রাতেও তাঁর বাবা গভীর রাতে বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু ভোর হয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি। মোবাইল ফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে ভোরের দিকে বাড়ির সামনের ঘাসের জমিতে রক্তাক্ত অবস্থায় তাঁর লাশ পড়ে থাকতে দেখা যায়। গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাইফুল ইসলামের লাশ উদ্ধার করে। তাঁর গলা ও মাথাসহ শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।” তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে ব্যবসায়িক বিরোধকে হত্যার সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।” আসামীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।