রাবি রিপোর্টার

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী শিক্ষার্থী নিপীড়নের অভিযোগের ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর এক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় ডিসিপ্লিনারি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মো. রবিউল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত ওই শিক্ষার্থী হলেন কম্পিউটার প্রকৌশল ও প্রযুক্তি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সুমন মজুমদার (আইডি: ২৪০৩১২৯)। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, যৌন নিপীড়ন সংক্রান্ত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে রুয়েটের ডিসিপ্লিনারি অর্ডিন্যান্সের ৬নং ধারায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক এসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী প্রধান অভিযুক্ত সুমন মজুমদারকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া আরো ৮ শিক্ষার্থীকে নির্দিষ্ট মেয়াদে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে সহযোগিতার অভিযোগে তিন শিক্ষাবর্ষের জন্য এবং উস্কানিদাতা পাঁচজনকে এক শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে।