লালপুর (নাটোর) সংবাদদাতা: পবিত্র মাহে রমযানকে স্বাগত জানিয়ে নাটোরের লালপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে র্যালিটি লালপুরের রামকৃষ্ণপুর চিনিবটতলা মোড় থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।
র্যালিতে নেতৃত্ব দেন লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের উপজেলা সেক্রেটারি এডভোকেট মাসুদ রানা, সহকারী সেক্রেটারি মহসিন আলম, হাফেজ আফজাল হোসেন, সাবেক জেলা সভাপতি (শিবির) হামিদুল ইসলামসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
র্যালিতে অংশগ্রহণকারীরা মাহে রমযানের পবিত্রতা রক্ষা, তাকওয়া ভিত্তিক জীবন গঠন এবং সমাজ থেকে সকল প্রকার অশ্লীলতা ও অন্যায় দূরীকরণের আহ্বান জানান। বক্তারা বলেন, মাহে রমযান আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা দেয় এবং ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ সুযোগ এনে দেয়। র্যালিটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।