গোপালপুর (টাংগাইল) সংবাদদাতা : টাংগাইল জেলার গোপালপুর উপজেলায় বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল থেকে জামায়াতে ১৪৩ জন নেতাকর্মী যোগদান উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় গোপালপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভা থেকে বিএনপির ১৪৩জননেতাকর্মী জামায়াতের জেলা সেক্রেটারি ও জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হুমায়ুন কবীরের হাতে হাত রেখে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। জামায়াতে ইসলামীতে যোগদানকারী নেতাকর্মীদের ফুলদিয়ে বরণ করে নেন দলীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালপুর উপজেলা জামায়াতের আমির মোঃ হাবিবুর রহমান তালুকদার।উপজেলা এসিস্টেন্ট সেক্রেটারি মোঃ ফরহাদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন টাংগাইল–২ (গোপালপুর- ভূঞাপুর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হুমায়ুন কবীর।

বিএনপি থেকে জামায়াতে যোগদান করা আঃ ওয়াহাব বলেন, বিএনপির জন্ম থেকেই দলের সাথে ছিলাম। বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে দলের প্রতি আর ভালোবাসা নেই। তাই সিদ্ধান্ত নিয়েছি জামায়াতে ইসলামীতে যোগদান করার।

এসময় মাওলানা হুমায়ুন কবীর বলেন, জনগণের বিশ্বাস অর্জন করতে হলে ইসলামভিত্তিক ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। জামায়াতে ইসলামী সেই আদর্শ ও মূল্যবোধের রাজনীতি করে, বিএনপিসহ অন্যান্য দলের যারা আজ আমাদের দলে যোগ দিয়েছেন, তারা সঠিক পথে এসেছেন, আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমরা সহোদরের মতো সবাইকে গ্রহন করলাম। কারও বিপদে জামায়াতে ইসলামী পিছপা হবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ড. আতাউর রহমান এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মোঃ ইদ্রিস হোসেন, উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মোঃ গোলাম মোস্তফা রঞ্জুসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সভাপতি এবং আমিরসহ বিপুল নেতাকর্মী।