রংপুর সিটি করপোরেশনের (রসিক) সাবেক মেয়র ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফাসহ ৩ ঠিকাদার ও ৪ ব্যাংক কর্মকর্তার যোগসাজশে মেঘনা ব্যাংক রংপুর শাখা থেকে ৪ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে মামলা দায়ের করেছে রংপুর দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত ২৫শে ফেব্রুয়ারী বুধবার রংপুরের সিনিয়র স্পেশাল জেলা জজ আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী ও রংপুর সমন্বিত জেলা দুনীর্তি দমন কার্যালয়ের উপ পরিচালক শাওন মিয়া। মামলা নম্বর-২ তারিখ ২৫/২/২৬। ধারা দন্ড বিধি আইনের ৪০৯/৪২০/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুদক আইনের ৫(২) ধারা। মামলায় আসামীরা হলেন রসিক এর সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, ঠিকাদারী প্রতিষ্ঠান রাকিব ব্রাদাসের স্বত্বাধিকারী আব্দুর রাকিব, মুক্তি প্রকৌশল সংস্থার মালিক এটিএম ফুয়াদ হোসেন এবং রফিকুল ইসলাম দুলাল, মেঘনা ব্যাংক রংপুর শাখার সাবেক ম্যানেজার মাহফুজুল ইসলাম, সহকারী ম্যানেজার একেএম শফিকুল মমতাজ, সিনিয়র অফিসার আতিকুর রহমান এবং এভিপি মজ্ঞুর হোসেন পাটোয়ারী।

মামলার বিবরনে জানা গেছে, আসামীরা অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজসে অপরাধ মুলক অসাদাচারনের মাধ্যমে প্রতারনা মুলক ভাবে ৪ কোটি ২৬ লাখ ৭৫ হাজার ৫০৩ টাকা আত্মসাৎ করার সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে দুদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে মামলার বাদী রংপুর সমন্বিত দুদক কার্যালয়ের উপ পরিচালক শাওন মিয়া মামলা দায়ের করার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীগন পরস্পর যোগসাজসে মেঘনা ব্যাংকের ৪ কোটিরও বেশী টাকা আত্মসাৎ করেছেন। তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে এ মামলা দায়ের করা হয়েছে।