হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : এশিয়ার একমাত্র প্রাকৃতিক কার্পজাতীয় মাছের প্রজনন ক্ষেত্র ও সরকার ঘোষিত মৎস্য হেরিটেজ হালদা নদী রক্ষায় হাটহাজারীতে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।

গত মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ২টা থেকে রাত ৭টা পর্যন্ত হালদা নদীর সার্তারঘাট থেকে মোহরা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন।

অভিযানে সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, হালদা নৌ পুলিশ ক্যাম্পের এএসআই রমজান আলীসহ সংশ্লিষ্ট ফোর্স।

অভিযানকালে নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে স্থাপিত মাছ ধরার জাল জব্দ করা হয়। এ সময় ২টি চরঘেরা জাল ও ১টি ভাসা জাল উদ্ধার করা হয়। জব্দকৃত অবৈধ জালগুলোর আনুমানিক দৈর্ঘ্য প্রায় ৩ হাজার মিটার এবং বাজার মূল্য প্রায় দুই লক্ষ টাকা বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পরবর্তীতে মুন্সিরহাট সংলগ্ন হালদা নদীর পাড়ে এসব অবৈধ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর জানায়, হালদা নদীর মৎস্য সম্পদ, মা মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।