স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

ন্যাশনাল ডক্টরস ফোরাম, গাজীপুর এবং পুবাইল আদর্শ সমাজ কল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে গাজীপুর মহানগরের ৩৯ নম্বর ওয়ার্ডের শুকুনদিভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুলাই) সকাল থেকে শুরু হওয়া এই ক্যাম্পে শতাধিক শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ হোসেন আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুবাইল থানা জামায়াতের আমির আশরাফ আলী কাজল।

ক্যাম্পের সভাপতিত্ব করেন ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ হুমায়ুন কবির। শিশুদের স্বাস্থ্য সচেতনতা এবং অপুষ্টি প্রতিরোধে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন শিশু বিভাগীয় প্রধান এবং ন্যাশনাল ডক্টরস ফোরাম গাজীপুরের সভাপতি অধ্যাপক ডা. মোঃ আমজাদ হোসেন খান।

সারা দিনের এই ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার অসুস্থ ও সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে চিকিৎসা, পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। আয়োজক সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।