কুষ্টিয়ার কুমারখালীতে তাইজুল ইসলাম তাজেম (৩৮) নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বুজরুক বাঁখই মাধ্যমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তাজেম ওই এলাকার আবুল কাশেমের ছেলে। পূর্বশত্রুতা ও স্ত্রীর পরকীয়ার জেরে তাজেমকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

নিহতের বাবা আবুল কাশেম আহাজারি করতে করতে বলেন, আমার ছোঁয়াল পাগল। ওরা মেলা আগেই মারে পাগল করে দিছে। বাড়ি বসে শুনলাম ছোঁয়ালের কোপায়ে হত্যা করেছে। মা সাহিদা খাতুন বলেন, তিন-চার বছর আগে ছেলের স্ত্রী শান্তার সাথে পাশের বাড়ির মোক্তারের ছেলে মিরাজের সম্পর্ক ছিল।

এনিয়ে অনেক ঝামেলা-মারামারির পর বউকে ডিভোর্স দিয়েছিল। এসব নিয়ে মিরাজরা মারধর করলে ছেলে (তাজেম) পাগল হয়া যায়। মেলাদিন হলো পাগলের চিকিৎসা চলছে। মিরাজরাই শত্রুতার জেরে কুপিয়ে হত্যা করেছে। এদিকে ঘটনাার পর থেকে অভিযুক্ত মিরাজ স্ব পরিবারে পলাতক রয়েছে।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে সড়কের ধার থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা পরিকল্পিত হত্যা। তদন্ত শেষে পরে বিস্তারিত বলা যাবে।