নেত্রকোণা সংবাদদাতা : ২০২৬ নেত্রকোণার কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালত চলাকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ‘শাসানো’ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ রোববার (১৮ জানুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়।

বরখাস্ত হওয়া সাইদুর রহমান ভূইয়া কলমাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ঘটনার প্রেক্ষাপট জানা গেছে, গত শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে লেংগুড়া বাজারে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে মার্কেট নির্মাণ করছিলেন চেয়ারম্যানের ভাই মো. পারভেজ সহ কয়েকজন। খবর পেয়ে উপজেলা প্রশাসন সেখানে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে। অভিযান চলাকালীন অভিযুক্ত পারভেজকে আটক ও অর্থদ- প্রদান করা হয়।

অভিযান চলাকালে ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভূইয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ও প্রশাসনের কর্মকর্তাদের ওপর চড়াও হন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে ইউএনও’র উদ্দেশ্যে বলতে শোনা যায়, “আপনি কেন মোবাইল কোর্টে আসলেন? কার কাছে জিজ্ঞেস করে আসছেন?”

প্রজ্ঞাপনে যা বলা হয়েছে

স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সাইদুর রহমান ভূইয়া জনপ্রতিনিধি হিসেবে প্রশাসনকে সহযোগিতা করার পরিবর্তে ম্যাজিস্ট্রেটের কার্যক্রমে বাধা সৃষ্টি করেছেন। তিনি আদালত চলাকালীন আদালতের প্রতি বিরূপ মন্তব্য এবং আদালত অবমাননা করেছেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়- “ইউপি চেয়ারম্যান উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এর উপস্থিতিতে চলমান মোবাইল কোর্টে বাধা প্রদান ও অসম্মান করে ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণ করেছেন। এসব অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী তাকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।”

এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি কাজে বাধা এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে অপেশাদার আচরণের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।