সাতকানিয়া সংবাদদাতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পার্লামেন্টারি বোর্ডের সেক্রেটারী শাহজাহান চৌধুরী এমপি বলেছেন, দেশের মানুষ জামায়াতে ইসলামীর প্রতি আস্থা রেখে ভোট দিয়েছে। আমরা সরকার গঠন করতে না পারলেও এতে কোনো হতাশা নেই। ন্যায়, ইনসাফ ও কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা সংসদের ভেতরে ও বাইরে থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবো।

তিনি আরও বলেন, আমরা সরকারের ভালো কাজে অবশ্যই সহযোগিতা করবো, তবে দেশ ও জাতির স্বার্থবিরোধী কোনো পদক্ষেপ গ্রহণ করা হলে তার বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ গড়ে তোলা হবে। পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে লোহাগাড়ার বড়হাতিয়া এলাকাকে একটি সমৃদ্ধ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলা হবে।

গতকাল মঙ্গলবার বিকেলে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বড়হাতিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত ‘মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইউনিয়ন আমীর ডাক্তার জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লোহাগাড়া জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আ ন ম নোমান, লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুল আফসার চৌধুরী, অধ্যাপক আহমদ কবির, মাওলানা মোঃ ফেরদৌস, মোহাম্মদ নাজিম উদ্দিন, ইসলামী ছাত্র শিবির নেতা মোঃ শফিকুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা মাওলানা নাসির উদ্দিন, নুরুল ইসলাম, মাস্টার নাছির আহমদ, আ ন ম শফিকুল ইসলাম এবং মাওলানা মোঃ আব্দুল হাকিম। বক্তারা মাহে রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।