স্টাফ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট)-এর মধ্যে যৌথভাবে ডিপ্লোমা ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি প্রোগ্রাম চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বুধবার সকালে বাউবি ভিসির ঢাকাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে বাউবির রেজিস্ট্রার টি এম আহমেদ হুসেইন এবং বিপসটের ডেপুটি কমান্ডান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজ মাহমুদ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ভিসি অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, এ উদ্যোগের মাধ্যমে বিপসটের তত্ত্বাবধানে পরিচালিত আরবি ভাষার ডিপ্লোমা প্রোগ্রামে বাউবি একাডেমিক স্বীকৃতি ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেবে এবং সফল শিক্ষার্থীদের সনদ প্রদান করবে। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের যৌথ উদ্যোগ ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবির প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন। বিপসটের ডেপুটি কমান্ডান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজ মাহমুদ বলেন, ২০০৮ সাল থেকে বিপসট শান্তিরক্ষীদের পেশাগত প্রশিক্ষণ দিয়ে আসছে এবং আরবি ভাষা ডিপ্লোমা প্রোগ্রাম তাদের আন্তর্জাতিক দায়িত্ব পালনে সহায়ক হবে। অনুষ্ঠানে বাউবি ও বিপসটের উর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ সমঝোতার মাধ্যমে আরবি ভাষা শিক্ষা সম্প্রসারণ ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে নতুন সুযোগ সৃষ্টি হবে।