পবিত্র মাহে রমজান উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ফুড প্যাক বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি।
শুক্রবার জুমার নামাজের পর টঙ্গী পশ্চিম থানার ৫৫ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে স্থানীয় কার্যালয়ে এ মানবিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
৫৫ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর মুক্তার হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা জামায়াতের আমীর মো. আনোয়ার হোসেন ভূইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি সিরাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি মোর্শেদ আলম, বায়তুল মাল সম্পাদক মো. মোস্তফা খানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. আনোয়ার হোসেন ভূইয়া বলেন, মানবকল্যাণ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামি সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো ইসলামী আদর্শের অন্যতম শিক্ষা উল্লেখ করে তিনি বলেন, রমজানের এই পবিত্র মাসে দরিদ্র মানুষের সহযোগিতায় এগিয়ে আসা প্রত্যেক সামর্থ্যবান মানুষের নৈতিক দায়িত্ব।
পরে স্থানীয় শতাধিক অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সম্বলিত ফুড প্যাক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।