ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজম মোঃ আবুবকর বলেছেন, এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি ও মাদকদ্রব্য সহ্য করা হবে না। ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। বৃহস্পতিবার দুপুরে ৯নং পোড়াহাটি ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি দৃঢ়প্রতিজ্ঞ এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। অনুষ্ঠানে নবনির্বাচিত এমপিকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন সদর সহকারী সেক্রেটারি আলমগীর হোসেন, পোড়াহাটি ইউনিয়ন আমীর আকিদুল ইসলাম, ইউনিয়ন সহকারী সেক্রেটারি তরিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।