নির্বাচন ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ওয়েবসাইট চালু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ভোটের তিন দিন আগে জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে ওয়েবসাইটটির কার্যক্রম শুরু হওয়ার বিষয়টি জানানো হয়েছে।
জামায়াতে ইসলামীর নির্বাচনি ওয়েবসাইটে দলের নির্বাচনি ইশতেহার, প্রার্থী পরিচিতি, ১১ দলীয় জোটভুক্ত শরিক দলসমূহের পরিচিতি, শরিকদের প্রার্থীদের তথ্য এবং বিভিন্ন ক্যাম্পেইন কিট সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি নির্বাচনি প্রচারণাসংক্রান্ত নানা তথ্য, ছবি ও ভিডিও নিয়ে আলাদা ফটো ও ভিডিও গ্যালারিও রাখা হয়েছে। ওয়েবসাইটটি বাংলা ও ইংরেজি-উভয় ভাষায় তৈরি করা হয়েছে, যাতে দেশি-বিদেশি দর্শনার্থীরাও নির্বাচনসংক্রান্ত তথ্য সহজে জানতে পারেন।
আকর্ষণীয় ও আধুনিক ডিজাইনে তৈরি জামায়াতের এই নির্বাচনি ওয়েবসাইটের ঠিকানা হলো যঃঃঢ়ং://পযড়ষড়নধহমষধফবংয.হবঃ/ ‘চলো একসঙ্গে গড়ি বাংলাদেশ’ শিরোনামের ওয়েবসাইটটিতে নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট প্রদান এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে বিজয়ী করার আহ্বান জানানো হয়েছে। ভোটারদের কাছে দল ও জোটের কর্মসূচি, প্রার্থী এবং অবস্থান স্পষ্টভাবে তুলে ধরতেই এই নির্বাচনি ওয়েবসাইট চালু করা হয়েছে বলে জানিয়েছেন জামায়তের কেন্দ্রীয় প্রচার বিভাগের নেতৃবৃন্দ।