গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিশ্বের শিক্ষার্থীদের সর্ববৃহৎ সামাজিক উদ্যোক্তা তৈরির প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম ‘হাল্ট প্রাইজ’ অন-ক্যাম্পাস ২০২৫-২৬-এর গ্র্যান্ড ফিনালে। তরুণদের নেতৃত্বে উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সমাধান উদ্ভাবনের লক্ষ্য নিয়ে গাকৃবিতে ষষ্ঠবারের মতো এই আয়োজন অনুষ্ঠিত হয়। আইকিউএসি’র তত্ত্বাবধানে ১৩ জানুয়ারি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ এবং প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। হাল্ট প্রাইজ ন্যাশনাল টিম থেকে রুদ্রনীল মন্ডল উপস্থিত ছিলেন।
মাসব্যাপী প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ছয়টি দল তাদের উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা উপস্থাপন করে। বিচারকদের মূল্যায়নে টিম রেস্কিউহারভেস্ট চ্যাম্পিয়ন হয়। টিম এভেনলো প্রথম রানার্সআপ এবং টিম কার্বোডিট দ্বিতীয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। পুরস্কার বিতরণকালে ভিসি বলেন, হাল্ট প্রাইজ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও নেতৃত্বের বিকাশে অনন্য ভূমিকা রাখছে। এখান থেকেই ভবিষ্যতের সামাজিক উদ্যোক্তারা গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং বিজয়ী দলকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বের জন্য শুভকামনা জানান।