নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ প্রশাসনের রদবদলের মধ্যে দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পুলিশ সদর দফতরে চিঠি পাঠিয়েছেন তিনি।
জানতে চাইলে সাজ্জাত আলী বলেন, আগামী নভেম্বর পর্যন্ত আমার চুক্তির মেয়াদ আছে। তবে আমি আজ অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছি।
পুলিশের মহাপরিদর্শক পদে পরিবর্তন আসার পরদিনই সরে যাওয়ার খবর দিলেন ডিএমপি কমিশনার। বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা শেখ মো. সাজ্জাত আলী বিগত আওয়ামী লীগ সরকারের সময় পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি থাকা অবস্থায় ২০১৬ সালের নভেম্বরে চাকরিচ্যুত হন। চব্বিশের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ভূতাপেক্ষভাবে তাকে চাকরিতে পুনর্বহাল করে। পরে ২০২৪ সালের ২০ নভেম্বর ডিএমপির ৩৮তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পান সাজ্জাত আলী।
ওই দিনই পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পেয়েছিলেন বাহারুল আলম। নির্বাচনের পর দেশের দায়িত্ব নেওয়া বিএনপি সরকার মঙ্গলবার তাকে সরিয়ে এপিবিএন প্রধান আলী হোসেন ফকিরকে আইজিপির দায়িত্ব দেয়। ডিএমপি কমিশনার পদেও যে পরিবর্তন আসছে, সেই গুঞ্জন কয়েক দিন ধরেই চলছিল। তার মধ্যেই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে চিঠি দিলেন সাজ্জাত আলী।
গতকাল বুধবার সাজ্জাত আলী সংবাদ মাধ্যমকে বলেন, পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে তিনি তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছেন। তিনি আপাতত দায়িত্বে আছেন। সরকারের দিক থেকে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত তিনি দায়িত্ব চালিয়ে যাবেন।
ডিএমপির কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি পুলিশ সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।