খুলনায় এক ছিনতাইকারীর গুলীতে আরেক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত পৌণে ৩টার দিকে দিঘলিয়া উপজেলার স্টিমার ঘাট এলাকায় ছিনতাইয়ের সময় এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, দৌলতপুরের দেয়াড়া এলাকার মোবাইল রিচার্জ ও মুদি ব্যবসায়ী তাহিদুল ইসলাম (২৮) সাইকেলে করে রাতে বাড়ি ফিরছিলেন। পথে দেয়াড়া স্টিমার ঘাট সংলগ্ন পপুলার জুট মিল এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ৩ থেকে ৪ জন ছিনতাইকারী তার গতিরোধ করে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা গুলী ছোড়ে। এতে তাদের নিজেদের এক সদস্য সাগর গুলীবিদ্ধ হয়। পরে অন্যরা পালিয়ে গেলে স্থানীয়রা গুলীবিদ্ধ সাগরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাগরের বাড়ি দিঘলিয়ার দেয়াড়া এলাকায়। এ ঘটনায় আহত ব্যবসায়ী তাহিদুল ইসলাম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, গুলীতে নিহত ব্যক্তির লাশ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। আহত ব্যবসায়ী চিকিৎসাধীন রয়েছে। এখনো মামলা হয়নি, তবে আসামিদের ধরতে পুলিশ কাজ করছে।