চট্টগ্রাম নগরের নাসিরাবাদ শিল্প এলাকার সরকারি লিজের জমি অবৈধভাবে বিক্রি ও ব্যাংকে বন্ধক রাখার অভিযোগে চট্টগ্রাম সদরের সাবেক সাব-রেজিস্ট্রারসহ দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এ দায়ের করা মামলায় দুদকের সহকারী পরিচালক নুরুল ইসলাম বাদী হয়েছেন। মামলায় অভিযুক্ত করা হয়েছে বি কে টেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশিদ এবং চট্টগ্রাম সদরের সাবেক সাব-রেজিস্ট্রার মো. আবু তালিব খানকে।

দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়–-১–-এর উপপরিচালক সুবেল আহমেদ জানান, সরকারি লিজের জমি অবৈধভাবে বিক্রি ও ব্যাংকে বন্ধক রাখার অভিযোগে এ মামলা করা হয়েছে।

মামলায় আসামীদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭–-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। তদন্তে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার ১৯৫৭ সালে চট্টগ্রামের নাসিরাবাদ শিল্প এলাকায় অবস্থিত কয়েকটি শিল্প প্লট পাকিস্তান অক্সিজেন লিমিটেডের নামে ৯৯ বছরের জন্য লিজ প্রদান করে। লিজ চুক্তির শর্ত অনুযায়ী সরকারের অনুমতি ছাড়া ওই জমি বিক্রি বা বন্ধক রাখা নিষিদ্ধ ছিল।

তবে অভিযোগ রয়েছে, পারস্পরিক যোগসাজশে প্রতারণার মাধ্যমে ২০০৯ সালে সাফ-কবলা দলিলের মাধ্যমে জমিটি বিক্রি করা হয়। পরে সরকারি অনুমোদন ছাড়াই ২০১০ সালে ওই শিল্প প্লটগুলো ব্যাংক এশিয়া লিমিটেডের কাছে অতিরিক্ত জামানত হিসেবে বন্ধক রাখা হয়। পরবর্তীতে ২০২৩ সালে একটি সংশোধনী ঘোষণাপত্র দলিলের মাধ্যমে আগের দলিল সংশোধনের চেষ্টাও করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।