কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে দুধকুমার নদী দিয়ে ভারত থেকে ভেসে এসেছে শেকড়সহ উপড়ে পড়া হাজারো গাছের গুঁড়ি।

রোববার (৫ অক্টোবর) বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত উপজেলার শিলখুড়ি ইউনিয়নের বিভিন্ন অংশ দিয়ে এসব গাছ বাংলাদেশের অংশে প্রবেশ করে।

স্থানীয়দের ধারণা, ভারতে টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড় ধসের ফলে বনাঞ্চলের গাছগুলো পানির স্রোতে উপড়ে পড়ে নদীপথে ভেসে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা ও শালঝোড়, চরভুরুঙ্গামারীর ইসলামপুর এবং পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী এলাকায় দুধকুমার নদীর তীরে ভেসে আসা গাছ সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছেন স্থানীয়রা।

চরভুরুঙ্গামারীর ইসলামপুর গ্রামের রফিকুল ইসলাম জানান, ‘রোববার বিকেল থেকে রাত পর্যন্ত নদীতে একের পর এক গাছ ভেসে আসতে থাকে। শতশত মানুষ নেমে পড়ে গাছ ধরতে। অনেক গাছ ভাটির দিকে চলে গেছে, কিছু আমরা তুলতে পেরেছি-যেগুলো খড়ি হিসেবে কাজে লাগবে।’

আরেক বাসিন্দা মোজ্জাম্মেল হক বলেন, ‘সম্ভবত ভারতে পাহাড় ধস হয়েছে। সেখান থেকে গাছগুলো ভেসে এসেছে। নৌকা নিয়ে গাছ ধরতে গিয়ে দুর্ঘটনারও শিকার হয়েছি-একটি বড় গাছ নৌকার নিচে চলে গিয়ে প্রপেলার ভেঙে দেয়।’

স্থানীয় নূর মোহাম্মদ জানান, ‘প্রায় ৩০ বছর আগে একবার এমন ঘটনা ঘটেছিল, তবে এবারের মতো এত বিপুল পরিমাণ গাছ আগে আসেনি। গাছের সঙ্গে সাপও ভেসে আসছে।’

শিলখুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউসুফ আলী বলেন, ‘নদীজুড়ে এখন শুধু গাছের সারি। মানুষ নৌকা নিয়ে গাছ ধরতে ব্যস্ত। এসব গাছ যে ভারত থেকেই এসেছে, তা বোঝা যাচ্ছে।’

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি নজরে আনা হয়েছে এবং সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।