জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশে জামায়াতে ইসলামী কাউনিয়া উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ আসর কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশের পর মিছিলটি কাউনিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সালাম সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ মোত্তালিব হোসেন।

মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, সরকার তাদের প্রতিশ্রুতি অনুযায়ী মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করলেও একটি দলের বিরোধীতার কারণে তা আইনীভিত্তি দেয়া হচ্ছেনা। তারা ফ্যাসিস্ট আমলের মত সংবিধানের অপব্যাখ্যা দিয়ে জুলাই বিপ্লবকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জনগণ সকল ষড়যন্ত্র মোকাবিলা করে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারীর নির্বাচনের মাধ্যমে দেশে গনতন্ত্র ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে ও বাস্তবায়নে প্রয়োজনে গণভোটের আয়োজন করতে হবে।

তারা আরও বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে নতুন কোনো ফ্যাসিবাদের জন্ম হবে না এবং প্রতিটি ভোটের মূল্যায়ন হবে। যারা নির্বাচনে কেন্দ্র দখল করতে চায়, কালো টাকার বিস্তার ঘটাতে চায়, তারাই এই পদ্ধতির বিরোধিতা করছে। বক্তারা জোর দিয়ে বলেন, জনগণ ফ্যাসিবাদী আমলে মত যেনতেন নির্বাচন আর মেনে নিবে না।

কাউনিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারী এ্যাডঃ ফজলুর রহমান ফারুকের সঞ্চালনায় মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নজরুল ইসলাম, জামায়াত নেতা এ্যাডঃ বাবর আলী, উপজেলা যুববিভাগ সভাপতি আশরাফুল ইসলাম, কূর্শা ইউনিয়ন আমীর মাওলানা মোজাম্মেল হক, টেপামধুপুর ইউনিয়ন সভাপতি আবুল কালাম আজাদ বাদল, বালাপাড়া ইউনিয়ন সভাপতি মোঃ আব্দুর রহিম, শহীদবাগ ইউনিয়ন সভাপতি মাওলানা ইমদাদুল হক, হারাগাছ ইউনিয়ন সভাপতি আতিউর রহমান, সারাই উইনিয়ন সভাপতি শফিকুল ইসলাম, হারাগাছ পৌর শাখার সভাপতি আইনুল হক বিডিআর, ছাত্রনেতা মোক্তারুল ইসলাম প্রমূখ।

বিক্ষোভ সমাবেশ ও মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড দায়িত্বশীলবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।