লালমনিরহাট সংবাদদাতা : প্রচার - প্রচারনাকে কেন্দ্র করে লালমনিরহাট - ১ (হাতিবান্ধা ও পাটগ্রাম) আসনের হাতিবান্ধা উপজেলায় বিএনপি- জামায়াত নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় দলের ২০ জন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার ২৫ জানুয়ারী দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২নং কাসাইটাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স’এ চিকিৎসা গ্রহণ করেছেন। আহতদের নাম পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।
ঘটনার সুত্রপাত হিসেবে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা পাল্টাপাল্টি দোষারোপ করছেন।
এদিকে বিএনপি জামায়াত সংঘর্ষ উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌছেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, পুলিশ সুপার মো: আসাদুজ্জামান সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ। পুলিশের পাশাপাশি কঠোর অবস্থান নিয়েছে র্যাব ও বিজিবি সদস্যরা।
পুলিশ সুপার মো: আসাদুজ্জামান বলেন, বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় ইটপাটকেল নিক্ষেপ হয়। উভয় পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন। অপরদিকে মটরসাইকেল ভাংচুর করা হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। জামায়াত নেতা হাবিবুর রহমান ছাতা জানান, স্হানীয় বিএনপি বিনাউস্কানীতে জামায়াতের শান্তি পূর্ণ প্রচারণায় হামলা চালিয়ে জামায়াতের কয়েকজন নেতাকর্মীকে পিটিয়ে আহত করেছে। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দায়িত্বশীল জামায়াত নেতৃবৃন্দ।