চকরিয়া সংবাদদাতা: চকরিয়ায় পরিবেশ বিধ্বংসী বালুদস্যু কর্তৃক উপজেলায় কর্মরত তিন সাংবাদিকের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চিরিংগা নিউ মার্কেট এলাকায় মানববন্ধন কর্মসূচিতে চকরিয়া ও পেকুয়া উপজেলার কর্মরত শতাধিক সাংবাদিক সহমর্মিতা প্রকাশ করে অংশগ্রহণ করেন। প্রবীণ সাংবাদিক মাহমুদুর রহমান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনের সমাবেশে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস সেক্রেটারি এম. সাফওয়ানুল করিম, সিনিয়র সাংবাদিক এম. ওমর আলী, এম. আলী হোসেন, আবদুল মজিদ, সাইফুল ইসলাম খোকন, মিজবাউল হক, এস.এম হানিফ, একেএম বেলাল উদ্দিন, জামাল হোসাইন, শাহজালাল শাহেদ, মোহাম্মদ ফারুক, এম. নুরুদ্দোজা জনি, আলাউদ্দিন আলো ও মনিরুল আমিন।

এসময় চকরিয়ার কর্মরত সাংবাদিকদের মধ্যে মো. রফিক আহমদ, আবুল কালাম আজাদ, মনির আহমদ, বিএম হাবিব উল্লাহ, জহিরুল আলম সাগরসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে সংশ্লিষ্ট প্রশাসনকে ২৪ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বক্তারা বলেন, অনতিবিলম্বে সাংবাদিকের ওপর হামলাকারী বালুদস্যু নাজিম উদ্দিনের নেতৃত্বে জড়িত অপরাপর সন্ত্রাসীদের গ্রেফতার পরবর্তী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য বিনষ্টকারী অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনাসহ প্রশাসনিক ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান তারা। অন্যথায় আগামীতে সাংবাদিক সমাজ ন্যায় সঙ্গত আন্দোলনের মাধ্যমে সকল অন্যায়, অবিচার ও জুলুম-নির্যাতনের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলবে।