উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনারসহ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর প্রায় ৩০০ জন নেতা-কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শুক্রবার রাতে উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা বাসস্ট্যান্ডে উল্লাপাড়া পৌর জামায়াত আয়োজিত যোগদান ও সংবর্ধনা অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁরা জামায়াতে ইসলামীর পতাকাতলে শামিল হন। উল্লাপাড়া পৌর জামায়াতের আমীর আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে যোগদানকারী নেতা-কর্মীদের নেতৃত্ব দেন জাসদ নেতা ও সাবেক পৌর কমিশনার শাহদাত হোসেন খোকন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। এ সময় শাহদাত হোসেন খোকনের নেতৃত্বে যোগদানকারী নেতা-কর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন প্রধান অতিথি মাওলানা রফিকুল ইসলাম খান।

যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শাহদাত হোসেন খোকন বলেন, “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমি একটি আদর্শভিত্তিক রাজনৈতিক দলের সন্ধান করছিলাম। আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতিতে আমি সেই আদর্শ খুঁজে পাইনি। জামায়াতে ইসলামীর রাজনৈতিক আদর্শ আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। সেই আদর্শের প্রতি ভালো লাগা থেকেই আমি এবং আমার পরিবারের সকল সদস্য জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। জীবনের বাকি সময়টুকু আমি জামায়াত ইসলামীর রাজনীতির সাথেই থাকতে চাই।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, “আগামী দিনে জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় যাবে- এর সুস্পষ্ট লক্ষণ হলো দলে দলে মানুষের জামায়াতে যোগদান। আজ মানুষের মুখে মুখে একটাই শ্লোগান- ‘সব দল দেখা শেষ, জামায়াত ইসলামীর বাংলাদেশ’। যারা আজ জামায়াত ইসলামীর আদর্শের সাথে ঐক্যমত পোষণ করে দলে যোগদান করলেন, তারা আগামী দিনে ইসলামী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ, উপজেলা যুব বিভাগের সভাপতি আতাউর রহমান, পৌর জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমানসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।