দক্ষতা উন্নয়ন কর্মশালা

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা : রামপালে ইয়োথ ফর সুন্দরবন ফোরামের উদ্যোগে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে বনজীবীদের দক্ষতা উন্নয়ন এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১ টায় উপজেলার বিআরডিবি মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা ইয়োথ ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন রূপান্তর প্রতিনিধি খন্দকার জিলানী হোসেন। এ সময় যুব ফোরামের সদস্যবৃন্দ ও বিভিন্ন পর্যয়ের বনজীবীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্লাষ্টিক-পলিথিন দূষণ কমিয়ে আনার বিষয়ে আলোচনা করা হয়। এ ছাড়াও বনজীবীদের দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ হয়।

ঈদবস্ত্র বিতরণ

কুমিল্লার তিতাসে পবিত্র মাহে রমযান উপলক্ষে হতদরিদ্র তিন শতাধিক পরিবারের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। নারান্দিয়া ইউনিয়ন বালুয়াকান্দি গ্রামের কৃতিসন্তান বিশিষ্ট সমাজসেবক সৌদি প্রবাসী মো. নুরনবী সরকারের অর্থায়নে বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১১টায় নারান্দিয়া ইউনিয়নের কাচারি বাজারস্থ তার নিজ বাড়িতে এলাকার হতদরিদ্র পরিবারের মাঝে এ শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবু কালাম সরকার, জামাল সরকার, শাহানাজ ভান্ডারি, ওসমান মেম্বার, মামুন, এবাদুল্লাহ, মো. খলিল ও শফিক মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপহার প্রদান

নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা: গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী কুমিল্লার নাঙ্গলকোটের শহীদ মিলন ও শহীদ রিয়াজের পরিবারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে রমযানের খাদ্যসামগ্রী উপহার পৌঁছে দিয়েছেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া। বুধবার ও বৃহস্পতিবার তিনি শহীদ পরিবারগুলোর সাথে সৌজন্য সাক্ষাৎ করে এ উপহার সামগ্রী হস্তান্তর করেন।

উপহার পাওয়া পরিবারগুলো হলো, নাঙ্গলকোট পৌরসভার খান্নাপাড়া গ্রামের শহীদ মিলন ও উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের বাগরা গ্রামের শহীদ আশ্রাফ রিয়াজের পরিবার।

এসময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মুকুল, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা রিয়াজ উদ্দিন অন্তরসহ দলীয় নেতাকর্মীবৃন্দ।

ইফতার মাহফিল

কুষ্টিয়া : ন্যাশনাল ডক্টরস ফরম কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে প্রায় ৫০০ ডাক্তারদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে কুষ্টিয়া মেডিকেল কলেজে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন মুফতি আমির হামজা।

উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দ্দারসহ অন্যান্যরা। সভাপতিত্ব করেন ন্যাশনাল ডক্টরস ফরম এর সভাপতি ডাঃ আহসান হাবীব।

৫ দফা দাবিতে মানববন্ধন

নীলফামারী: ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মেয়াদ বৃদ্ধি, ঈদুল ফিতরের পূর্বে বকেয়া বেতন পরিশোধ ও প্রকল্প স্থায়ীকরণসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে নীলফামারীর মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রে শিক্ষকরা।

মসজিদভিত্তিক শিক্ষক কল্যাণ পরিষদ নীলফামারী জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১১ টায় শহরের শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি মাওলানা মো: নুরনবী, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান প্রমুখ।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।

নিরাপদ খাদ্য কমিটির সভা

চৌগাছা (যশোর ) সংবাদদাতা : যশোরের চৌগাছায় উপজেলা নিরাপদ খাদ্য কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। বক্তব্য রাখেন যশোর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক আজিজুর রহমান, প্রধান শিক্ষক কামাল আহমেদ প্রমুখ।

মানববন্ধন

নীলফামারী : নীলফামারীতে ঈদ উপলক্ষে অসহায় দুস্থদের মাঝে সরকারের ভিজিএফ কর্মসূচীর আওতায় চালের পরিবর্তে ইউপি চেয়ারম্যান কর্তৃক টাকা বিতরণ করা হয়েছে। এর প্রতিবাদে এলাকাবাসী সংশ্লিষ্ট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এর বিরুদ্ধে মানববন্ধন করেছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে জেলার জলঢাকা উপজেলার ৬ নং শিমুলবাড়ী ইউনিয়নে। জানা যায়, ওই ইউনিয়নে সরকারের পক্ষ হতে ৩,৭৭৫ টি পরিবারের মাঝে প্রত্যক পরিবারকে ১০ কেজি করে ৩৭,৭৭৫ কেজি চাল বরাদ্দ দেয়া হয়। গত ১৭ ও ১৮ মার্চ এ চাল বিতরণের দিন নির্ধারিত করা হয়। নির্ধারিত দিনে কিছু কিছু কার্ডধারীদের মাঝে চাল বিতরণ করা হলেও প্রায় ৩ শতাধিক ব্যক্তির মাঝে চালের পরিবর্তে ২৫০ টাকা করে বিতরণ করা হয়।

আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা

শার্শা (যশোর) : আসন্ন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যশোরের বেনাপোল পৌর প্রশাসনের উদ্যেগে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় বেনাপোল পৌর ভবনের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বেনাপোল পৌর সভার প্রশাসক ও শার্শা উপজেলা অফিসার ডাঃ কাজী নাজিব হাসান।