চট্টগ্রামের পটিয়া উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নৌবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় নৌবাহিনীর আরও একজন সদস্য আহত হয়েছেন।
গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুস সাকিব (৩৮) বাংলাদেশ নৌবাহিনীর পতেঙ্গা ঈসা খাঁ ঘাঁটিতে লিডিং সিমান (এলএস) হিসেবে কর্মরত ছিলেন। আহত ইকরাম হোসেন একই ঘাঁটিতে নাবিক পদে কর্মরত রয়েছেন।
হাইওয়ে পুলিশ জানায়, নাজমুস সাকিব ও ইকরাম হোসেন মোটরসাইকেলে করে পটিয়া বাইপাস অতিক্রম করার সময় শেয়ানপাড়া ক্রসিং এলাকায় কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি দ্রুতগামী বাস পেছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়েন। এ সময় বাসের চাকার নিচে পড়ে নাজমুস সাকিব ঘটনাস্থলেই নিহত হন এবং ইকরাম হোসেন গুরুতর আহত হন।
হাইওয়ে পুলিশের পটিয়া থানার পরিদর্শক হারুনুর রশিদ জানান, দুর্ঘটনার পর পুলিশ বাসটি জব্দ করলেও চালক ও তার সহকারী পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।