পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) বাদ মাগরিব বরমী ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরমী ইউনিয়ন শাখার আমির মাওলানা আমিনুল ইসলাম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা শাহাবুদ্দিন। প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও গাজীপুর জেলা আমীর ড. মোঃ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীপুর উপজেলা আমির মাওলানা নূরুল ইসলাম, উপজেলা সেক্রেটারি ডা. জসীম উদ্দিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি আবুল কালাম আজাদ এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আফজাল হোসেন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বিগত নির্বাচনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। তারা আগামী স্থানীয় সরকার নির্বাচনে উন্নত ফলাফল অর্জনের মাধ্যমে জনগণের সেবা ও দেশের কল্যাণে নিজেদের সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বারোপ করা হয়। শেষে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিস্তারিত মতবিনিময় অনুষ্ঠিত হয়।