হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : হাটহাজারীতে আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, বাজার কমিটি ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ইউএনও বলেন, রমজান মাসে সাধারণ মানুষের চাহিদা বেড়ে যায়। তাই কোনো ব্যবসায়ী যেন অবৈধভাবে পণ্য মজুদ বা অতিরিক্ত দামে বিক্রি না করেন। কেউ নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, রমজানজুড়ে নিয়মিত বাজার মনিটরিং করা হবে। প্রয়োজন হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

সভায় ব্যবসায়ী নেতারা ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আশ্বাস দেন এবং বাজার স্বাভাবিক রাখতে প্রশাসনের সঙ্গে কাজ করার কথা জানান। উপজেলা প্রশাসন আশা প্রকাশ করেছে, সবার সহযোগিতায় রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে।