বোদা (পঞ্চগড়) সংবাদদাতা : সদ্য দায়িত্বপ্রাপ্ত পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের নদী ও খাল পুনরুদ্ধারে দ্রুত সময়ের মধ্যে কর্মসূচি হাতে নেওয়া হবে। আগামী ১৫ দিনের মধ্যেই দেশের যেকোনো জেলা থেকে খাল খনন কার্যক্রম শুরু করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। গতকাল শুক্রবার জেলার বোদা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন কালে তিনি একথা বলেন। এছাড়াও তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পবিত্র রমযানে বাজারদর নিয়ন্ত্রণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সকলকে অবগত করেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের অনেক নদী ও জলাশয় দখলদারদের কবলে চলে গেছে। এগুলো দখলমুক্ত করে পুনরায় খননের উদ্যোগ নেওয়া হবে।