দেশের উচ্চশিক্ষায় গুণগত পরিবর্তন ও উদ্ভাবন ত্বরান্বিত করতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড (এটিএফ) উপ-প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ প্রশিক্ষণে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আইকিউএসি’র সেমিনার কক্ষে গাকৃবির ১০০ জন পিএইচডিধারী শিক্ষক অংশ নেন। গবেষণার মানোন্নয়ন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধি ও প্রাতিষ্ঠানিক রূপান্তর ত্বরান্বিত করাই ছিল প্রশিক্ষণের লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান, সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক, প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান। দিনব্যাপী প্রশিক্ষণে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হিট প্রকল্পের উইং ম্যানেজার (গবেষণা সমন্বয় বিশেষজ্ঞ) প্রফেসর ড. মোহাম্মদ মনিনুর রশিদ।
স্বাগত বক্তব্যে আইকিউএসি’র পরিচালক বলেন, মানসম্মত ও স্বচ্ছ প্রস্তাবনা লিখনশৈলী গবেষণার সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান অতিথির বক্তব্যে ভিসি বলেন, উদ্ভাবনী গবেষণা ও মানসম্মত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এটিএফের সুযোগ কাজে লাগিয়ে গাকৃবিকে আন্তর্জাতিক মানের গবেষণানির্ভর বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব। প্রশিক্ষণে এটিএফ অর্জনের ধাপ, উপ-প্রকল্পের ধরন, প্রস্তাবনা তৈরির কৌশল, রুবরিক্সভিত্তিক মূল্যায়ন ও কার্যকর প্রকল্প ব্যবস্থাপনার বাস্তব দিক তুলে ধরা হয়। শেষ পর্বে প্রাণবন্ত প্রশ্নোত্তরে অংশগ্রহণকারী শিক্ষকরা বিভিন্ন জিজ্ঞাসার উত্তর পান।