জিয়ানগর (পিরোজপুর) সংবাদদাতা : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জিয়ানগর উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত এক বিশেষ প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেছেন পিরোজপুর ১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মাসুদ সাঈদী।

গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনিক মাঠ প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যাচটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাসুদ সাঈদী। খেলায় বীর মুক্তিযোদ্ধাদের টিমের সদস্য হয়ে প্রীতি ফুটবল ম্যাচে খেলেন সংসদ সদস্য মাসুদ সাঈদখেলায় প্রতিপক্ষ হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষে সদস্য হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মোঃ হাফিজুর রহমান।

এছাড়া উভয় টিমে বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও উপজেলা প্রশাসনের অফিসারবৃন্দ অংশগ্রহণ করেন। খেলায় ২-২ গোলে ড্র হয়। পরে প্রধান অতিথি মাসুদ সাঈদী উভয় টিমের খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মোঃ হাফিজুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ আলী হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহম্মেদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মামুন হোসাইন, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি কে এম রাহাতুল ইসলাম, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি, জিয়ানগর প্রেসক্লাবের সভাপতি খান মোঃ নাসির উদ্দীন, শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছোট সন্তান আলহাজ্ব নাসিম সাঈদী প্রমুখ।